২০৩০ সাল এর আগেই আলুর গুণমানসম্পন্ন বীজ উৎপাদনে সম্পূর্ণ স্বনির্ভর হয়ে যাবে পশ্চিমবঙ্গ, জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জলপাইগুড়ি সার্কিট হাউসে এক বৈঠকে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির কৃষি আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করেন তিনি।বুধবার জলপাইগুড়ির মহিতনগরে রাজ্য সরকারের কৃষি খামার পরিদর্শন করে তিনি জানান, ইতিমধ্যে রাজ্যের তিনটি জেলায় আলুর বীজ উৎপাদনে যথেষ্ট অগ্রগতি হয়েছে। জলপাইগুড়ি, নদীয়া ও মেদিনীপুর এই তিন জেলায় সরকারিভাবে আলুর বীজ উৎপাদনে সাফল্য আসতে শুরু করেছে। ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন (এফপিও)-এর মাধ্যমে উৎপাদনব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই রাজ্য গুণমান সম্পন্ন আলুর বীজ উৎপাদনের ক্ষেত্রে পুরোপুরি স্বনির্ভর হয়ে উঠতে পারবে বাংলা।
এরপরে তিনি বলেন, ‘’বাইরের রাজ্য থেকে বীজ আনার প্রয়োজন ভবিষ্যতে আর থাকবে না। আমরা চাই দ্রুত উৎপাদন বাড়াতে বেসরকারি সংস্থাগুলোকেও কাজের দায়িত্ব দেওয়া হয়েছে।’’
