বিসিসিআই বার্ষিক পুরস্কার ২০২৪-২৫: শুভমন গিল ও স্মৃতি মন্ধানা সেরা আন্তর্জাতিক ক্রিকেটার, জীবনকৃতি সম্মান দ্রাবিড়-মিতালির

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর বার্ষিক পুরস্কারে এ বার সম্মানিত হচ্ছেন একাধিক ক্রিকেটার ও ক্রিকেট প্রশাসক। ২০২৪-২৫ মরসুমে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য তাঁদের এই স্বীকৃতি দেওয়া হচ্ছে। রবিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে।

মহিলাদের ঘরোয়া ক্রিকেটে সেরা পারফরম্যান্সের জন্য জগমোহন ডালমিয়া ট্রফি পাচ্ছেন মুম্বইয়ের ইরা যাদব। একই সম্মান পাচ্ছেন হরিয়ানার শেফালি বর্মাও। ঘরোয়া এক দিনের ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের জন্য তাঁকে এই পুরস্কারে সম্মানিত করা হচ্ছে।

পুরুষদের ঘরোয়া সাদা বলের ক্রিকেটে সেরা অলরাউন্ডারের জন্য লালা অমরনাথ পুরস্কার দেওয়া হচ্ছে মুম্বইয়ের আয়ুষ মাত্রেকে। অন্যদিকে, রঞ্জি ট্রফিতে সেরা অলরাউন্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন বিদর্ভের হর্ষ দুবে।

এ বার বিসিসিআইয়ের জীবনকৃতি সম্মান পাচ্ছেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি রাহুল দ্রাবিড় ও মিতালি রাজ। তাঁদের পাশাপাশি বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি রজার বিন্নীকেও এই সম্মানে ভূষিত করা হচ্ছে।

আন্তর্জাতিক ক্রিকেটে সেরা পুরুষ ক্রিকেটারের পলি উমরিগড় পুরস্কার দ্বিতীয় বার জিতেছেন শুভমন গিল। মহিলাদের বিভাগে এই পুরস্কার পাচ্ছেন স্মৃতি মন্ধানা, যা তাঁর ক্যারিয়ারের পঞ্চম পলি উমরিগড় সম্মান।

এ ছাড়া সেরা রাজ্য সংস্থা হিসেবেও আবারও নির্বাচিত হয়েছে মুম্বই ক্রিকেট সংস্থা। ২০২৪-২৫ মরসুমে চারটি ঘরোয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আরও দু’টি প্রতিযোগিতায় রানার্স-আপ হয়েছে তারা। সেই সাফল্যের জেরেই ভারতীয় ক্রিকেটে সেরা রাজ্য সংস্থার মর্যাদা ধরে রাখল মুম্বই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *