উন্মুক্ত নয় বসন্ত উৎসব, এ বছরও বিশ্বভারতীতে প্রবেশে নিষেধাজ্ঞা বহিরাগতদের

আগের মতো উন্মুক্তভাবে বসন্ত উৎসব আর হচ্ছে না বিশ্বভারতীতে। চলতি বছর ৬ মার্চ শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণে পালিত হবে বসন্ত উৎসব। তবে আগের বছরের মতোই এ বারও সাধারণ পর্যটক বা বহিরাগতদের প্রবেশের অনুমতি থাকছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্বভারতী সূত্রে খবর, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা, আশ্রমিক ও প্রাক্তনীরাই নির্দিষ্ট নিয়ম মেনে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। ঐতিহ্য রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে দাবি প্রশাসনের।

এক সময় বসন্ত উৎসব ও পৌষমেলা উপলক্ষে বোলপুরে ভিড় জমাতেন দেশ-বিদেশের হাজার হাজার মানুষ। তবে ২০২০ সালে করোনা পরিস্থিতির জেরে বসন্ত উৎসব বন্ধ রাখা হয়। এরপর ২০২১, ২০২২ এবং ২০২৩ সালেও উন্মুক্ত আকারে উৎসবের আয়োজন হয়নি। ২০২৪ সালে সীমিত পরিসরে ‘বসন্ত বন্দনা’ আয়োজন করা হয়েছিল শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নিয়ে।

সম্প্রতি সাংবাদিক বৈঠকে বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানান, অতীতে বসন্ত উৎসব পালিত হলেও গত কয়েক বছরে তা বন্ধ রাখার কারণ সকলেরই জানা। পরিস্থিতি ও মানসিকতার পরিবর্তন না হলে ঐতিহ্য রক্ষা করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য থেকেই স্পষ্ট হয়েছিল, এ বছরও উন্মুক্ত প্রবেশাধিকার মিলবে না।

বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ জানান, ৬ মার্চ আশ্রম প্রাঙ্গণেই বসন্ত উৎসবের মূল অনুষ্ঠান হবে। তবে শৃঙ্খলা বজায় রাখতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকছে।

উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সালের বসন্ত উৎসবের পর একাধিক বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। আশ্রম চত্বরে মদের বোতল পড়ে থাকা থেকে শুরু করে ঐতিহ্যবাহী শিল্পকর্ম নষ্ট হওয়ার মতো ঘটনা সামনে আসে। তারপর থেকেই প্রশাসন কঠোর অবস্থান নেয়।

ফলে এ বছরও বিশ্বভারতীর বসন্ত উৎসব ঘরোয়া পরিসরেই সীমাবদ্ধ থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *