উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে কারখানার শেড থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম প্রদীপ মিত্র (৫৮)। তিনি পাতুলিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলজুড়ে শোকের ছায়া নেমেছে। একই সঙ্গে কাজের নিরাপত্তা বিধি নিয়েও উঠছে প্রশ্ন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওল্ড ক্যালকাটা রোড সংলগ্ন একটি কারখানায় টিনের শেড বসানোর কাজ চলছিল। সেই সময় কারখানার উপরের অংশে উঠে কাজ করছিলেন প্রদীপবাবু। কাজ চলাকালীন হঠাৎই পা হড়কে উপর থেকে নিচে পড়ে যান তিনি।
ঘটনার সময় অধিকাংশ কর্মী কাজ শেষ করে বেরিয়ে গেলেও কয়েকজন শ্রমিক তখনও কাজে ব্যস্ত ছিলেন। তাঁদের সামনেই এই দুর্ঘটনা ঘটে। সহকর্মীরাই দ্রুত গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা সব চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শ্রমিক সংগঠনের একাংশের দাবি, উচ্চতায় কাজ করার সময় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল কি না তা খতিয়ে দেখা উচিত। হেলমেট, সেফটি বেল্ট বা অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম ব্যবহৃত হচ্ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে বলে সূত্রের খবর।
