কোপা দেল রে-র সেমিফাইনালে বার্সেলোনা

মাদ্রিদ, ৪ ফেব্রুয়ারি:
কোপা দেল রে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ লিগের দ্বিতীয় ডিভিশনের দল আলবাসেতে-কে ২–১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে কাতালান জায়ান্টরা।
পূর্ণশক্তির দল মাঠে নামালেও প্রত্যাশামতো সহজ জয় পায়নি বার্সেলোনা। তুলনায় দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেতে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে তাদের। ম্যাচের ৩৯ মিনিটে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ড আরাউজো।
দুই গোলে পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি আলবাসেতে। একের পর এক আক্রমণে বার্সার রক্ষণকে ব্যস্ত রাখে তারা। ম্যাচের ৮৭ মিনিটে জাভি মোরেনোর গোলে ব্যবধান কমে ২–১। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফেরা সম্ভব হয়নি। জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বলেন,
“খুব কঠিন একটা ম্যাচ খেলতে হয়েছে। ট্রফি জিততে গেলে এমন চাপের ম্যাচ জিততেই হয়। টানা ম্যাচের ক্লান্তির মধ্যেও ফুটবলাররা দারুণ পারফরম্যান্স করেছে।”
উল্লেখ্য, কোপা দেল রে ইতিহাসে সবচেয়ে সফল দল বার্সেলোনা। এখনও পর্যন্ত রেকর্ড ৩২ বার এই ট্রফি জিতেছে তারা। সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ জিতেছে ২০ বার। চলতি মরসুমে রিয়াল আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায়, ব্যবধান আরও বাড়ানোর বড় সুযোগ রয়েছে ইয়ামালদের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *