১ এপ্রিল থেকে ‘বাংলার যুবসাথী’ প্রকল্প, মাসে ১,৫০০ টাকা পাবেন বেকার যুবকরা: ঘোষণা মমতার

১ এপ্রিল থেকে ‘বাংলার যুবসাথী’ প্রকল্প, মাসে ১,৫০০ টাকা পাবেন বেকার যুবকরা: ঘোষণা মমতার

অন্তর্বর্তী বাজেটে ঘোষিত ‘বাংলার যুবসাথী’ প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্ন থেকে তিনি জানান, প্রথমে ১৫ অগস্ট থেকে প্রকল্প চালুর কথা থাকলেও এখন সিদ্ধান্ত হয়েছে ১ এপ্রিল থেকেই এই ভাতা দেওয়া শুরু হবে।

মুখ্যমন্ত্রী বলেন, অর্থবর্ষ ১ এপ্রিল থেকে শুরু হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদন গ্রহণের জন্য রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প করা হবে।


কত টাকা মিলবে

এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হবে। ভাতা পেতে হলে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

মুখ্যমন্ত্রী জানান, যাঁরা ঐক্যশ্রী, মেধাশ্রী, শিক্ষাশ্রী বা অন্য কোনও স্কলারশিপ পান, তাঁরাও এই সুবিধা পাবেন। তবে অন্য কোনও সরকারি স্কিমে আর্থিক সহায়তা পেলে এই ভাতা মিলবে না।
প্রাথমিকভাবে পাঁচ বছর এই প্রকল্প চালু থাকবে, পরে রিভিউ করা হবে।


কীভাবে আবেদন করবেন

প্রকল্পে আবেদনের জন্য রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ২৯৪টি ক্যাম্প করা হবে।

  • আবেদন শিবির চলবে ১৫ থেকে ২৬ তারিখ
  • সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা
  • সরকারি ছুটির দিন বাদ থাকবে

আবেদন জমা দিলে সঙ্গে সঙ্গে রিসিপ্ট দেওয়া হবে এবং তথ্য ডিজিটাইজ করা হবে।

মুখ্যমন্ত্রী জানান, সময়ের অভাবে আপাতত অনলাইন আবেদনের ব্যবস্থা থাকছে না। আবেদনকারীদের ক্যাম্পে এসে সরাসরি আবেদন জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *