এসআইআর ইস্যুতে উত্তাল বামনগোলা, যুব তৃণমূলের বিশাল বাইক মিছিল

দেবাশিস পাল : ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগে উত্তাল মালদহের বামনগোলা। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বামনগোলা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বড় মোটরবাইক র‍্যালির আয়োজন করা হয়।

এদিন বারো মাইল এলাকা থেকে এই মিছিল শুরু হয়। কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক মোটরবাইক নিয়ে এই র‍্যালিতে অংশ নেন। রাজ্য সড়ক ধরে দীর্ঘ পথ অতিক্রম করে মিছিলটি শেষ হয় নালাগোলা ফুটবল ময়দানে।

এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দ্বিজবর জয়ধর এবং ব্লক যুব সভাপতি সুজয় সাহা।

সুজয় সাহা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ার ফলে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন। তাঁর দাবি, হিয়ারিংয়ের নামে বারবার নথি বদল করা হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেকেই নিজেদের ভোটাধিকার হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন।

তৃণমূল নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দ্রুত সমস্ত বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে আগামী দিনে বামনগোলা ব্লকে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *