বকখালি উপকূলে জেটের আদলে তৈরি ড্রোন উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব : ফের সমুদ্র সৈকতে মিলল ড্রোন। বুধবার মৎস্যজীবীদের নজরে বিষয়টি প্রথমে আসে। পরে খবর চাউর হতেই ড্রোন দেখতে উৎসুক জনতার ভিড় জমে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বকখালি সংলগ্ন সমুদ্র সৈকতের। অনেকটা জেট বিমানের আদলের এই ড্রোনটি। বুধবার দুপুর নাগাদ পশ্চিম অমরাবতী গ্রামের কারগিল সি-বিচ এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় মৎস্যজীবীরা মাছ ধরতে যাওয়ার পথে দূর থেকে অদ্ভুত আকৃতির একটি বস্তু দেখতে পান। কাছে গিয়ে তারা লক্ষ্য করেন, লাল ও হলুদ রঙের জেট বিমানের মতো দেখতে একটি যন্ত্র সৈকতে পড়ে রয়েছে। সেটির গঠন এবং তার-যুক্ত যন্ত্রাংশ দেখে সন্দেহ হয় এবং দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা যায়, এটি একটি ড্রোন। ড্রোনটির ডানায় ‘Shikra Target’ লেখা ছিল, যা একটি এরিয়াল টার্গেট ড্রোন হিসেবে পরিচিত।
সূত্রে জানা যায়, এই ধরনের ড্রোন সাধারণত ভারতীয় নৌবাহিনী ও বায়ুসেনার মহড়ায় ব্যবহৃত হয়। এয়ার ডিফেন্স সিস্টেমের পরীক্ষা, সামরিক প্রশিক্ষণ এবং বিভিন্ন অপারেশনাল প্রস্তুতির ক্ষেত্রে এই ড্রোনের ব্যবহার রয়েছে। স্থলভাগ, সমুদ্র এবং দুর্গম এলাকায় এটির কার্যকারিতা গুরুত্বপূর্ণ। তবে কীভাবে এই ড্রোনটি বকখালির উপকূলে এসে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, একই দিনে পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকাতেও প্লেনের মতো দেখতে একটি ড্রোন ভেঙে পড়ার ঘটনা সামনে আসে। পুলিশ জানিয়েছে, সেটি ইন্ডিয়ান অয়েলের নজরদারির কাজে ব্যবহৃত ড্রোন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *