বি. নাথ : মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে দল ছেড়েছেন ব্যারাকপুর তালবাগান শাখার বর্ষীয়ান সিপিএম সদস্য অরূপ কুমার ভট্টাচার্য। তিনি সিপিএমের ব্যারাকপুর এরিয়া কমিটির সম্পাদকের কাছে সদস্য পদ বাতিলের আবেদনও করেছেন। যদিও অরূপ বাবু সাফ জানিয়ে দেন, এই মুহূর্তে তিনি অন্য কোনও দলে যোগ দিচ্ছেন না। বুধবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সিপিএম ত্যাগী অরূপ কুমার ভট্টাচার্যকে বিজেপিতে আসার আহবান করেন। তিনি বলেন, উনি রাজনীতি করা লোক। তাই ওনাকে রাজনীতিতে থাকা উচিত। তাঁর অভিযোগ, সিপিএম এখন দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা ভাগ তথাকথিত ধর্মনিরপেক্ষ সেলিম। আরেকটা ভাগ যাদেরকে সেলিম সাহেব ধর্মনিরপেক্ষতার নামে নতুন পাঠ শেখাচ্ছেন। তাঁর দাবি, সনাতনীদের এখন সিপিএমে জায়গা কিংবা গুরুত্ব নেই। অরূপ দার মতো অনেকের মনে ব্যথা আছে। অনেকেই ঘরে বসে গিয়েছেন। তাঁর বক্তব্য, বর্তমানে সিপিএমে ধর্মনিরপেক্ষতার পরিভাষা বদলে গিয়েছে। উনি এটা মেনে নিতে পারছেন না। তাই অরূপ দা দল ছেড়েছেন।
সিপিএম ত্যাগী অরূপ ভট্টাচার্যকে বিজেপিতে আসার আহ্বান অর্জুনের
