অঙ্কুরহাটিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, কন্টেনারের ধাক্কায় প্রাণ গেল ১৩ বছরের কিশোরের

হাওড়া: হাওড়ার ডোমজুর থানার অঙ্কুরহাটি এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারাল ১৩ বছরের এক কিশোর। গুরুতর আহত আরও এক কিশোর বর্তমানে কলকাতার এসএসকেএম (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দুই নাবালক একটি বাইকে করে অঙ্কুরহাটির দিকে যাচ্ছিল। সেই সময় একটি দ্রুতগতির কন্টেনার তাদের বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে রাস্তার উপর ছিটকে পড়ে দুই কিশোর। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সারওয়ার নস্কর (১৩)। সে নবম শ্রেণির ছাত্র এবং ডোমজুর থানার কোরলা এলাকার বাসিন্দা। আহত কিশোরের নাম শেখ মহম্মদ কায়েব (১৫)। সে দশম শ্রেণির ছাত্র এবং পাঁচলার হাকোলার বাসিন্দা। সম্পর্কে তারা মামা-ভাগ্নে বলে জানা গেছে।

আহত কিশোরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

‘ডেথ ট্র্যাপ’ হয়ে উঠছে অঙ্কুরহাটির মোড়?

এলাকাবাসীর অভিযোগ, অঙ্কুরহাটির এই মোড়টি এখন কার্যত ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। গত রাতেই একই জায়গায় আরও একটি দুর্ঘটনা ঘটেছিল বলে দাবি স্থানীয়দের। শুক্রবার হাটের দিন হওয়ায় এলাকায় ভিড় বেশি থাকলেও পুলিশের নজরদারি পর্যাপ্ত ছিল না বলেও অভিযোগ উঠেছে।

ক্ষুব্ধ বাসিন্দাদের বক্তব্য,
“এখানে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। সঠিক ট্রাফিক নিয়ন্ত্রণ ও পুলিশি নজরদারি থাকলে হয়তো আজ এই প্রাণগুলো যেত না।”

তদন্তে পুলিশ

পুলিশ ঘাতক কন্টেনারটির সন্ধানে তল্লাশি শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। তবে দুই নাবালকের বাইক নিয়ে বের হওয়া এবং ট্রাফিক আইন প্রয়োগের প্রশ্নও সামনে আসছে।

শুক্রবার হাটের দিনে এই দুর্ঘটনায় দুই পরিবারেই নেমে এসেছে গভীর শোকের ছায়া। এলাকায় পথ নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে ফের জোরালো দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *