কলকাতা: পশ্চিমবঙ্গে ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এবার তাঁর সফর মূলত ধর্মীয় কর্মসূচিকে ঘিরে। বুধবার, ১৮ ফেব্রুয়ারি নদিয়ার মায়াপুরে ইসকনের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গ সফরে আসছেন তিনি।
দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা অমিত শাহের। সেখান থেকে হেলিকপ্টারে মায়াপুরের উদ্দেশে রওনা দেবেন তিনি। বিজেপি সূত্রে খবর, দুপুর ২টা ২৫ মিনিট থেকে বিকেল ৪টা ২৫ মিনিট পর্যন্ত ইসকনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে ফিরে বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
গত কয়েক মাসে অমিত শাহের একাধিক পশ্চিমবঙ্গ সফর ঘিরে রাজনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সাধারণত দেড় দিন থেকে দু’দিন বা আড়াই দিন পর্যন্ত রাজ্যে অবস্থান করেছেন তিনি। কিন্তু এবারের সফর অত্যন্ত সংক্ষিপ্ত। রাজনৈতিক কর্মসূচি না থাকায় অল্প সময়ের মধ্যেই পুরো সফরসূচি শেষ হবে বলে বিজেপি সূত্রের দাবি।
প্রথমে জল্পনা ছিল, ধর্মীয় কর্মসূচির পাশাপাশি কোনও দলীয় বৈঠক বা রাজনৈতিক সভা থাকতে পারে কি না। তবে সোমবার চূড়ান্ত সফরসূচি প্রকাশ্যে আসার পর সেই জল্পনার অবসান হয়েছে। জানা গিয়েছে, এই সফরে কোনও রাজনৈতিক কর্মসূচি রাখছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
যদিও রাজনৈতিক কর্মসূচি নেই, তবু রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা এবং নদিয়া উত্তর সাংগঠনিক জেলার নেতৃত্ব মায়াপুরে ইসকন মন্দিরে শাহের সঙ্গে উপস্থিত থাকতে পারেন বলে দলীয় সূত্রে খবর।
সব মিলিয়ে, এটিই হতে চলেছে অমিত শাহের সংক্ষিপ্ততম পশ্চিমবঙ্গ সফর—যা সম্পূর্ণভাবে ধর্মীয় কর্মসূচিকে কেন্দ্র করেই সীমাবদ্ধ থাকবে।
