নিউ টাউনে ফরেন্সিক ল্যাবের নতুন ভবন উদ্বোধন করলেন অমিত শাহ

রবিবার নিউ টাউনে ল্যাবেরেটরি উদ্বোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান পশ্চিমবঙ্গ ছাড়াও পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের ফরেন্সিক পরীক্ষার ক্ষেত্রে বড় অবদান রাখবে কলকাতার নতুন কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাব। তিনি জানালেন অপরাধ এবং অপরাধীদের খুঁজে বার করতে এবং দ্রুত শাস্তি দিতে এই নতুন ফরেন্সিক ভবন বেশ অবদান রাখবে।

অমিত শাহ বলেন,‘‘তদন্তে প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ।’’ নতুন ভবনে উন্নত প্রযুক্তির সুবিধা মিলবে বলেই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘‘অপরাধীদের চিহ্নিত করতে এবং ঘটনাস্থল পর্যবেক্ষণে ফরেন্সিকের গুরুত্ব অপরিসীম। আরও সাত রাজ্যে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির নতুন ভবন তৈরি হবে।’’

শনিবার রাতে কলকাতায় এসে বাইপাসের ধারে একটি হোটেলে রাত্রিবাস করে রবিবার সকালে তিনি নিউ টাউনে পৌঁছোন অমিত শাহ। সেখানে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির নতুন ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর নেতাজি ইন্ডোরে সাংগঠনিক জমায়েত রয়েছে। বিজেপির সাংসদ, বিধায়ক এবং দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে একটি বৈঠক করবেন তিনি। সেই বৈঠকে শুধু শীর্ষ স্থানীয় বিজেপি নেতৃত্ব নয় মণ্ডল সভাপতি থেকে শুরু করে জেলা এবং রাজ্যস্তরের নেতৃত্ব থাকবেন। বিভিন্ন মঠ, মিশন এবং আধ্যাত্মিক সংগঠনের সাধুরা সেখানে আমন্ত্রিত। এই অনুষ্ঠান সেরেই সন্ধ্যায় বিএসএফের বিমানে দিল্লি ফিরবেন শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *