বিমানের ভাড়ায় আর লাগাম নেই! ক্যাপিং তুলতেই বাড়ার আশঙ্কা টিকিটের দাম

ফের বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। এবার অন্তর্দেশীয় বিমানের ভাড়ায় ক্যাপিং তুলে নেওয়ার ঘোষণা করা হল। ফলে এখন থেকে দেশীয় বিমান…

20260322 132605

ফের বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। এবার অন্তর্দেশীয় বিমানের ভাড়ায় ক্যাপিং তুলে নেওয়ার ঘোষণা করা হল। ফলে এখন থেকে দেশীয় বিমান পরিষেবায় টিকিটের দামে আর কোনও নির্দিষ্ট ঊর্ধ্বসীমা থাকবে না।কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সোমবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে।

এতদিন পর্যন্ত নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী বিমানের টিকিটের সর্বোচ্চ ভাড়া নির্ধারিত ছিল। কিন্তু এবার সেই নিয়ন্ত্রণ তুলে নেওয়ায় বিমান সংস্থাগুলি নিজেদের মতো করে ভাড়া নির্ধারণ করতে পারবে।

এই সিদ্ধান্তের ফলে বিমানের ভাড়া উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরে জ্বালানির খরচ বেড়েছে। তার প্রভাব পড়েছে পরিবহণ ক্ষেত্রেও। অটো থেকে শুরু করে বিভিন্ন পরিষেবার ভাড়া বেড়েছে, আর তারই ধারাবাহিকতায় বিমান ভাড়াও ঊর্ধ্বমুখী হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, কিছুদিন আগেই একাধিক বিমান সংস্থা—এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেট—টিকিটের দামে ক্যাপিং তুলে নেওয়ার দাবি জানিয়েছিল। বিমান সংস্থাগুলির সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্সও জানিয়েছিল, দীর্ঘদিন ধরে ভাড়ার সীমাবদ্ধতা বজায় থাকায় সংস্থাগুলির আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে।এরই মধ্যে জ্বালানির খরচ বৃদ্ধির কারণে টিকিটের উপর অতিরিক্ত সারচার্জও বসানো হয়েছে।

ইন্ডিগোর ক্ষেত্রে এই সারচার্জ ৪০০ থেকে ২৩০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এয়ার ইন্ডিয়াও একই পথে হাঁটছে।

যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কোনও বিমান সংস্থা যদি অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি করে, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে আবারও নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে। তবে একবার ভাড়া বেড়ে গেলে তা কমানো কঠিন—এই আশঙ্কায় উদ্বেগে যাত্রীরা।