মার্কিন–ইজরায়েলের ইরান হামলার তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথভাবে ইরানের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাল All India Muslim Personal Law Board (AIMPLB)। ৩ মার্চ প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, এই যৌথ আগ্রাসনকে তারা “কঠোর ও দ্ব্যর্থহীন ভাষায়” নিন্দা করছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করতে রাষ্ট্রসংঘ ও আন্তর্জাতিক মহলের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছে।

বোর্ডের মুখপাত্র ড. এস. কিউ. আর. ইলিয়াস জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছিল এবং সেখানে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছিল। ওমানের বিদেশমন্ত্রী বদর আল-বুসাইদি মধ্যস্থতার দায়িত্বে ছিলেন এবং তাঁর মতে, ইরান প্রায় সব শর্ত মেনে নিতে রাজি হয়েছিল। কিন্তু আচমকাই মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনার সমাপ্তি ঘোষণা করে এবং এরপরই ইজরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের উপর হামলা চালায়। বোর্ডের দাবি, এই ঘটনা প্রমাণ করে যে আলোচনাগুলি আসলে কূটনৈতিক প্রচেষ্টা নয়, বরং একটি অজুহাত ছিল।

প্রেস বিবৃতিতে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনির মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করেছে বোর্ড। তাদের মতে, একটি সার্বভৌম দেশের কেন্দ্রীয় নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন।

বোর্ড আরও সতর্ক করে জানিয়েছে, এই সংঘাতের ফলে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়েছে। যেখানে একদিকে ইউরোপের কিছু দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করছে, অন্যদিকে রাশিয়া ও চীন ইরানের পাশে দাঁড়িয়েছে। দ্রুত কূটনৈতিক হস্তক্ষেপ না হলে এই সংঘাত বৃহত্তর বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা।

একই সঙ্গে AIMPLB আফসোস প্রকাশ করে জানিয়েছে, এমন এক গুরুত্বপূর্ণ সময়ে ভারত একটি ভারসাম্যপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারত। কিন্তু বর্তমান অবস্থান দেশের পররাষ্ট্রনীতির বিশ্বাসযোগ্যতাকে প্রভাবিত করেছে বলেও মন্তব্য করা হয়েছে। পাশাপাশি আয়াতোল্লা খামেনির মৃত্যুর ঘটনায় ভারতের পক্ষ থেকে কোনও সরকারি শোকবার্তা না আসায় উদ্বেগ প্রকাশ করেছে বোর্ড।

শেষে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড আবারও রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন দেশের নেতৃত্বের কাছে অবিলম্বে এই যুদ্ধ থামাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের মতে, এখনই এই আগুন না নেভালে তা একটি অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা বিশ্বের উপর তার প্রভাব পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *