দেবাশিস পাল, মালদহ : বিধানসভা ভোট বাকি আর কয়েকটা মাস। তার আগে আজ, শুক্রবার মালদহের গাজোল বিধানসভায় শক্তি বৃদ্ধি করল বিজেপ। বিধায়ক চিন্ময় দেব বর্মনের হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য-সহ প্রায় শতাধিক কর্মী। বাংলায় পরিবর্তন আনতে এবং নরেন্দ্র মোদির হাত শক্ত করতে এই যোগদান বলে দাবি বিজেপি বিধায়কের। যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
২০১৮ সাল থেকে গাজোল বিধানসভা বিজেপির শক্ত ঘাঁটি। গত লোকসভা ভোটেও এই বিধানসভা থেকে বড় লিড পেয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে দুয়ারে বিধানসভা। তার আগেই এদিন মাঝরা গ্রাম পঞ্চায়েতের বেগুনবাড়ি এলাকায় এই যোগদান কর্মসূচি হল। যেখানে চিন্ময় দেব বর্মনের হাত ধরে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল কর্মীরা বিজেপির পতাকা হাতে তুলে নেন। যোগদানকারীদের দাবি তৃণমূল উন্নয়ন করতে ব্যর্থ। চারিদিকে নৈরাজ্য এবং দুর্নীতি। তাই পরিবর্তন আনতে বিজেপিতে যোগ দিলেন। যদিও এই যোগদান কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল।
বিধানসভা ভোটের আগে গাজোলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ শতাধিক কর্মীর
