নবান্নে বৈঠক শেষে অসুস্হ রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, ভর্তি হাসপাতালে

সোমবার ক্যাবিনেট বৈঠক ছিল নবান্নে। সেই বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। বৈঠকের পরই এদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু করেন নবান্নর ডাক্তাররা। সেখানেই চিকিৎসার পর আপাতত তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে এদিন সকাল থেকেই মাথা ঘোরার সমস্যা হচ্ছিল তাঁর। মনে করা হচ্ছে রক্তচাপের ওঠা-নামার ফলেই এমন ঘটেছে। এরপর প্রেশার ফল করায় তিনি অসুস্থ হয়ে পড়েন। ২০২২ সালে অগস্ট মাস থেকে মৎস্য দফতরের দায়িত্বভার গ্রহণ করেছেন বিপ্লব রায় চৌধুরী। তবে তিনি নিজে ব্যক্তিগত জীবনে নিরামিষভোজী। ৩০ বছর ধরে মাছ খান না রাজ্যের মৎস্য মন্ত্রী। খান না পেঁয়াজ-রসুনও। রাজ্য সরকারের তরফে সরপুঁটি, রায়খোর, ট্যাংরা, মৌরলা,দেশী শিঙি, দেশী মাগুরের মত বিলুপ্তপ্রায় ৩৩ টি প্রজাতির মাছ সংরক্ষনে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী কিছুদিন আগেই জানিয়েছিলেন বিধানসভায়। এমনকি ২০২৪-২৫ অর্থ বছরে পরিবেশ দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যের ছয়টি জেলায়, সরকারি ও রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের অধীন জলাশয়ে, মাছের অভয়ারন্য তৈরি করা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *