অ্যাপলের পর এবার ট্রাম্পের নজরে স্যামসাং

শুল্কর ভয় দেখিয়ে কুককে শাসানোর পর এবার ডোনাল্ড ট্রাম্পের নিশানায় স্যামসাং। অ্যাপলকে ‘সতর্ক’ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যদি ভারত বা ‘অন্য কোথাও’ আইফোন বানানো হয়, তাহলে আমেরিকায় সেই মোবাইলের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের নিশানা স্যামসাং এবং অন্যান্য মোবাইল সংস্থাগুলি। ট্রাম্প জানান, শুল্ক সংক্রান্ত নীতি শুধুমাত্র অ্যাপলের জন্য প্রযোজ্য হবে না, স্যামসাং এবং যারাই আমেরিকায় মোবাইল তৈরি করবে না, তাদের পণ্যে ২৫ শতাংশ আমদানি শুল্ক ধার্য করা হবে।

শুক্রবার বিকেলে ট্রাম্প বলেছেন, ‘আমি অনেকদিন আগেই অ্যাপলের টিম কুককে জানিয়ে দিয়েছিলাম, আমেরিকায় যে আইফোন বিক্রি করা হবে, সেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রেই তৈরি করতে হবে। ভারত বা অন্য কোথাও সেগুলি তৈরি করলে চলবে না। যদি সেটা হয়, তাহলে অ্যাপলকে আমেরিকায় কমপক্ষে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।’ আইফোনের নির্মাতারা আগেই জানিয়েছিলেন, জুন ত্রৈমাসিকে আমেরিকায় যে আইফোন বিক্রি করা হবে, সেগুলি ভারতেই তৈরি করা হবে।

তবে অ্যাপলের মতো সংস্থার উপরে ট্রাম্প শুল্ক চাপাতে পারবেন কিনা, সেটা জানা যায় ন। বিষয়টি নিয়ে আপাতত অ্যাপলের তরফে কোনও মন্তব্য করা হয়নি। এমনিতে চিনের সঙ্গে আমেরিকার শুল্কযুদ্ধ এবং জোগান সংক্রান্ত বিষয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তার ফলে ভারতে আইফোন তৈরির বিকল্প জায়গা হিসেবে গড়ে তুলতে চাইছিল অ্যাপল। কিন্তু দেখা গেল ট্রাম্পের ভারতে আপত্তি আছে। রাজনৈতিক মহল মনে করছে বারবার ট্রাম্পের ‘ভারত বিরোধী’ অবস্থান সামনে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *