জমি বিবাদে ভাইয়ের উপর অ্যাসিড হামলা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : বারুইপুরে জমি বিবাদের জেরে ভাইয়ের উপর অ্যাসিড নিয়ে হামলা। পরে দা দিয়ে কোপানোর অভিযোগ দাদা ও…

acid attack

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : বারুইপুরে জমি বিবাদের জেরে ভাইয়ের উপর অ্যাসিড নিয়ে হামলা। পরে দা দিয়ে কোপানোর অভিযোগ দাদা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন টোটোন খান নামে এক ব্যক্তি। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত যোগীবটতলার মডার্ণ ক্লাবের পাশের এলাকায়।
অভিযোগ, টোটোনের মেজো দাদা মমতাজ খান ও তাঁর পরিবারের সদস্যরা একজোট হয়ে প্রথমে টোটোনের চোখ লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে। তারপর শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি কোপানো হয়। খবর, মমতাজ খান ও টোটন খানের মধ্যে অনেকদিন থেকেই জমি সংক্রান্ত বিবাদ ছিল। কয়েকদিন আগে টোটনের পরিবারের বেশ কিছু সদস্যকে মারধর করে মমতাজ খানের পরিবার। মমতাজের পরিবারের বেশ কয়েকজনকে পুলিশ আটকও করেছিল। এরইমাঝে এবার ইদের দিন এ ঘটনা ঘটে গেল।
স্থানীয় সূত্রে খবর, ঝামেলাটা শুরু হয় ইদের সকাল থেকেই। কিন্তু রাতে তা একেবারে ভয়ঙ্কর আকার ধারণ করে। অভিযোগ, মমতাজ খানের স্ত্রী বেবী খান, জামাই ভিকি ঘোষ, প্রতিবেশী ইয়ারলি খানসহ ছয় জনের একটি দল হঠাৎ টোটন খানের ওপর দা, শাবল, লোহার রড নিয়ে চড়াও হয়। রক্তাক্ত অবস্থায় বাড়ির কাছেই তাঁকে পড়ে থাকতে দেখে এলাকার লোকজনই তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করে দেন চিকিৎসকরা।
এদিকে ঘটনার পরই মার খাওয়ার ভয়ে লুকিয়ে পড়ে মমতাজ খানের দলবদল। কিন্তু গ্রাম থেকে তাঁরা বের হতে পারেনি। ঘিরে ফেলে গ্রামের বাসিন্দারাই।রাতে বারইপুর থানার আই সি অর্ধেন্দু দে সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করার চেষ্টা করলে সেই সময় গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয়। উত্তেজিত জনতা তাঁদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অবস্থা এমন দাঁড়ায় যে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয় পুলিশকে। তারপরই অভিযুক্তদের থানায় নিয়ে আসা সম্ভব হয়। আক্রান্ত টোটন খানের পরিবার রাতেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ এই ঘটনায় এক নাবালক-সহ ছয় জনকে আটক করেছে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।