সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে কি? বিশেষ পর্যবেক্ষকের ভূমিকা নিয়েও প্রশ্ন তৃণমূলের
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের সরব তৃণমূল কংগ্রেস। বুধবার এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডলে একাধিক স্ক্রিনশট পোস্ট করে কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের দাবি, নির্বাচন কমিশন নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যাবতীয় নির্দেশ জারি করছে। তাঁর প্রশ্ন, সুপ্রিম কোর্ট যখন স্বচ্ছতা, নির্দিষ্ট প্রক্রিয়া এবং সরকারি যোগাযোগের যথাযথ মাধ্যম ব্যবহারের উপর জোর দিয়েছে, তখন কেন অনানুষ্ঠানিক প্ল্যাটফর্মে নির্দেশ দেওয়া হচ্ছে?
পোস্টে বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানের নামও উল্লেখ করেন অভিষেক। তাঁর অভিযোগ, জন্মসনদের গ্রহণযোগ্যতা সংক্রান্ত নির্দেশিকাও নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মাইক্রো অবজ়ার্ভারদের পাঠানো হচ্ছে। এ প্রসঙ্গে তিনি জানতে চান, সুপ্রিম কোর্ট যেভাবে মাইক্রো অবজ়ার্ভারদের ভূমিকা নির্দিষ্ট করে দিয়েছে, তা হলে কেন সেই প্রক্রিয়া এড়িয়ে চলা হচ্ছে?
এছাড়াও আরও একটি গুরুতর অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা। তাঁর দাবি, জেলাভিত্তিক রোল অবজ়ার্ভারদের লগইন ক্রেডেনশিয়াল কলকাতা থেকে অ্যাক্সেস করা হচ্ছে এবং লগইন ডেটার অপব্যবহার করে নির্দিষ্ট কিছু সম্প্রদায়কে টার্গেট করা হতে পারে। তাঁর বক্তব্য, এই সব কিছুই নাকি দিল্লিতে বসে থাকা কমিশনের ‘রাজনৈতিক প্রভুদের’ নির্দেশে ঘটছে।
অভিষেক জানিয়েছেন, প্রয়োজন হলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবে তৃণমূল।
এ বিষয়ে নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
