ভর সন্ধ্যায় চাঞ্চল্য ছড়াল বীরভূম জেলার কীর্ণাহার এলাকায়। কীর্ণাহার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সোনার দোকানে আচমকাই হানা দেয় সশস্ত্র ডাকাতের দল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চারচাকা গাড়িতে করে সাত-আটজন দুষ্কৃতী দোকানের সামনে এসে দাঁড়ায়। মুহূর্তের মধ্যেই তারা দোকানের ভেতরে ঢুকে পড়ে এবং লুটপাট শুরু করে। আতঙ্ক ছড়াতে দোকানের সামনে ও আশপাশে বোমাবাজি করতে করতে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই কীর্ণাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তল্লাশি চালিয়েও ডাকাতদের কোনো হদিশ মেলেনি।
সোনার দোকানের মালিক বাপ্পা কর্মকার জানান, হঠাৎ এমন হামলায় তিনি হতভম্ব হয়ে পড়েন। কয়েক মিনিটের মধ্যেই সবকিছু ঘটে যায় বলে জানান তিনি।
এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
