সুমন আদক, হাওড়া : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার অভিযোগে এক যুবককে মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার বালি এলাকা। অভিযোগ উঠেছে, বিজেপি সমর্থকদের একাংশই ওই যুবকের উপর হামলা চালায়।
জানা গিয়েছে, বালি নবীন সঙ্ঘ এলাকায় বিজেপির একটি মিছিল চলাকালীন সদ্য তৃণমূলে যোগ দেওয়া রণবীর দলুইকে লক্ষ্য করে হামলা করা হয়। তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ।
এই ঘটনার প্রতিবাদে বালি থানার সামনে বিক্ষোভে বসেন তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র। তাঁর দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে।



