সপ্তর্ষি সিংহ : শহরের দীর্ঘ ঐতিহ্যের অংশ স্ট্রিট ফুড সংস্কৃতি। সময়ের সঙ্গে শহরের অবকাঠামো ও জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এলেও এই খাদ্যসংস্কৃতির জনপ্রিয়তা আজও অটুট। তবে সাম্প্রতিক সময়ে স্ট্রিট ফুডের হাইজিন বা স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠছে বারবার।
এই প্রেক্ষিতে স্ট্রিট ফুড বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সচেতনতা বাড়াতে উদ্যোগ নিল ভারত চেম্বার্স অফ কমার্স। একটি ভোজ্য তেল সংস্থার সহযোগিতায় আয়োজিত এই কর্মশালার সূচনা হয় কলকাতা প্রেস ক্লাব-এ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মশালার মূল লক্ষ্য হল স্ট্রিট ফুড বিক্রেতাদের নিরাপদ খাদ্য প্রস্তুতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং গ্রাহক সুরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া।
অনুষ্ঠানে শহরের স্ট্রিট ফুড জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানো হয়। তাঁদের মধ্যে ছিলেন ডেকার্স লেনের চিত্তবাবুর দোকানের কর্ণধার, ডমিনিক পৌ চং এবং দীর্ঘ ৫০ বছর ধরে ফুচকা বিক্রেতা রাজেন্দ্রপ্রসাদ চৌহান। উল্লেখযোগ্যভাবে, রাজেন্দ্রপ্রসাদের তৈরি বিশেষ পদ ‘ভিক্টোরিয়া বড়া’-র স্বাদ নিয়েছেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুড হিস্টোরিয়ান হরিপদ ভৌমিক, রেস্তোরাঁ উদ্যোক্তা শিলাদিত্য চৌধুরী, সংস্থার চিফ বিজনেস অফিসার ধিমল ব্রক্ষ্মভাট, মার্কেটিং স্ট্র্যাটেজি হেড শিবম আগরওয়াল এবং রুদ্রানী মিত্র।
আয়োজকদের মতে, এই ধরনের উদ্যোগ স্ট্রিট ফুড বিক্রেতাদের মধ্যে সচেতনতা বাড়াবে এবং শহরের ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতিকে আরও নিরাপদ ও গ্রহণযোগ্য করে তুলবে।



