দেবাশিস পাল, মালদা : কমিশন নির্বাচিত মালদার নতুন পুলিশ অবজারভার ও তার স্ত্রীর ছবি প্রকাশ্যে এনে নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করলেন মালদা জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক আব্দুর রহিম বক্সি। পুলিশ অবজারভারের স্ত্রী বিজেপি নেত্রী এমনকি বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন বলে অভিযোগ তৃণমূলের।
মালদা জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন, জয়ন্ত কান্ত যিনি বিহারের বাসিন্দা। স্ত্রী বিহার বিধানসভা নির্বাচনের প্রার্থী ছিলেন। তিনি বিজেপির লোক। তাকেই অমিত সাহা মালদা চারটি বিধানসভা কেন্দ্রে পুলিশ অবজারভার করে পাঠিয়েছেন। এর থেকে পরিস্কার সমস্ত বিজেপি ঘনিষ্ঠ আইএএস-আইপিএস-দের এনে বাংলার ভোটকে শেষ করতে চাইছে। যে সমস্ত পুলিশ আধিকারিক, ডিএম-রা ভালো কাজ করছিলেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন অফিসারদের নিয়ে আসা হয়েছে। যাদের নিয়ে আসা হয়েছে তাদের কাজ করার অভিজ্ঞতা নেই। পুরো সিস্টেমকে ভেঙে দেওয়ার জন্য এই বদলি করা হচ্ছে। পাশাপাশি যেসমস্ত অবজারভারদের পাঠানো হচ্ছে সব বিজেপির লোক। নির্বাচন কমিশন অমিত শাহর কোম্পানি। অমিত শাহর কথায় গণতান্ত্রিক অধিকারকে খুন করছে জ্ঞানেশ কুমার।



