প্রতিশ্রুতি নয়, কাজে বিশ্বাসী, দাবি বাগনানের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজা সেনের

সুমন আদক, হাওড়া: ‘প্রতিশ্রুতি নয়, আমি কাজে বিশ্বাসী।’ এমনই দাবি হাওড়া গ্রামীণের বাগনান বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরুণাভ (রাজা)…

raja sen

সুমন আদক, হাওড়া: ‘প্রতিশ্রুতি নয়, আমি কাজে বিশ্বাসী।’ এমনই দাবি হাওড়া গ্রামীণের বাগনান বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরুণাভ (রাজা) সেনের। হাওড়ার বাগনান বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরুণাভ সেন এদিন খালোড় কালীবাড়িতে পূজো দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন। প্রাক্তন এই বিধায়ক এদিন নিজের বিধানসভায় নিজের গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তাঁর নির্বাচনী প্রচার শুরু করেন।
এদিন খালোড় গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি পাড়ায় তিনি যান। এলাকার মানুষজন বাড়ি থেকে বেরিয়ে প্রার্থীকে শুভেচ্ছা জানান। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাগনানের মানুষ মাত্রই জানেন আমি প্রতিশ্রুতি দিই না। আমি কাজ করায় বিশ্বাসী। গত ২০১১ সাল থেকে বাগনানের মানুষ বলতে পারবেন না আমি ভোটের আগে কোনও প্রতিশ্রুতি দিয়েছি। আমি ৩৬৫ দিন মানুষের সঙ্গে জনসংযোগ করি। পাড়ায় পাড়ায় ঘুরি। মানুষ আমাকে যেসব সমস্যার কথা বলেন আমি সেগুলো সমাধান করার চেষ্টা করি।
এদিন তিনি কংগ্রেসের প্রার্থী না দেওয়া প্রসঙ্গে বলেন, ‘কংগ্রেস কেন এখনো প্রার্থী দেয়নি এ ব্যাপারে আমার কিছু বলার নেই। কংগ্রেস প্রার্থী দেবে কি, না দেবে সেটা কংগ্রেস দলের ব্যাপার। ওরা প্রার্থী খুঁজে পাবে কিনা সে বিষয়েও আমার কিছু বলার নেই। বিরোধী দলে যারা প্রার্থী দিয়েছে তাঁদের নিয়ে আমি কোনও মন্তব্য করব না। যাঁরা প্রার্থী হয়েছেন তাঁদের আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাই। কারণ তাঁরাও ভোটে লড়াই করছেন। আমি শুধু একটা জিনিস বলব, শুধু ভোটের দিন ভোটের সময় এলে হয় না। ৩৬৫ দিন মানুষের পাশে থাকতে হয়। ৩৬৫ দিন তৃণমূল কংগ্রেসই একমাত্র মানুষের পাশে থাকে। এই কারণেই মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট দেয় এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জেতেন। আমরা আশা করছি বাগনান কেন্দ্রে গতবারের থেকেও এবার মার্জিন বাড়াতে পারব।