বর্ধমান শহরের বালামহাট এলাকায় বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বর্ধমান পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে, যেখানে বিজেপি ও তৃণমূলের মধ্যে চাপানউতর শুরু হয়েছে।
স্থানীয় বিজেপি নেতা মহাদেব মাল অভিযোগ করেন, মঙ্গলবার তিনি বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের নির্বাচনী প্রচারে অংশ নেন। সেইসঙ্গে নিজের বাড়িতে দলীয় কর্মীদের জন্য খাবারের ব্যবস্থাও করেছিলেন। তাঁর দাবি, ওই ঘটনার পর গভীর রাতে তাঁর বাড়িতে হামলা চালানো হয়।
মহাদেবের অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকতের ঘনিষ্ঠরা তাঁর বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
অন্যদিকে, ঘটনার সময় এলাকায় পৌঁছান তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকত। সেখানে এক পুলিশকর্মীর সঙ্গে তাঁর বচসা বাধে বলে অভিযোগ। কাউন্সিলর পুলিশের উদ্দেশে কড়া মন্তব্য করেন এবং এলাকায় প্রবেশের বিষয়ে আপত্তি তোলেন বলেও জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়। বিজেপির অভিযোগ, প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন তৃণমূল কাউন্সিলর।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের স্থানীয় নেতা বাগবুল ইসলাম বলেন, “বিজেপি প্রার্থীর প্রচারে যাঁরা অংশ নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে মহিলাদের উদ্দেশে কটূক্তির অভিযোগ রয়েছে। ঘটনাটি সেই প্রেক্ষিতেই ঘটেছে।” তিনি দলের কর্মীদের সংযত থাকার বার্তাও দেন।
এদিকে, বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, “তৃণমূল ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে।” পাশাপাশি, অশান্তির সময় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পুরো ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।



