বুধবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার রামনগর ও পটাশপুরে নির্বাচনী প্রচারে জোরদার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। একাধিক সভা থেকে তিনি দাবি করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে।
সভামঞ্চ থেকে শুভেন্দু বলেন, “২০২১ সালের বিধানসভা নির্বাচনে আমরা ৭৭টি আসন পেয়েছিলাম। এবার ২০২৬-এ সেই সংখ্যা ১৭৭-এ পৌঁছবে এবং বিজেপি সরকার গঠন করবে।”
নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “২০২১ সালে বলেছিলাম নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, এবং তা করেছি। এবারও বলছি, ভবানীপুরে তাঁকে বিপুল ভোটে পরাজিত করব।”
এ দিনের প্রচারে তিনি রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং বিজেপির পক্ষে জনসমর্থন বাড়ছে বলেও দাবি করেন। রাজনৈতিক মহলের মতে, পূর্ব মেদিনীপুর সহ জঙ্গলমহল ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নিজেদের সংগঠন আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই প্রচার জোরদার করেছে বিজেপি।
আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক ও বিরোধী—উভয় পক্ষই এখন মাঠে নেমে পড়েছে। ফলে রাজ্যের রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র হচ্ছে বলেই মনে করা হচ্ছে।



