গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নিয়মে কোনও বদল নয়, বিভ্রান্তি দূর করল কেন্দ্র

এলপিজি সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা নিয়ে দেশজুড়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটাল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। মঙ্গলবার জারি করা…

9

এলপিজি সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা নিয়ে দেশজুড়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটাল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। মঙ্গলবার জারি করা এক বিবৃতিতে মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, বুকিংয়ের ব্যবধানে কোনও পরিবর্তন করা হয়নি। আগে যে নিয়ম ছিল, সেটিই এখনও কার্যকর।

সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ও সমাজমাধ্যমে দাবি করা হচ্ছিল, বিভিন্ন ধরনের গ্রাহকের জন্য আলাদা আলাদা সময়সীমা নির্ধারণ করা হয়েছে। যেমন—উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে ৪৫ দিন, সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ২৫ দিন বা ডবল সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য ৩৫ দিন। তবে কেন্দ্র জানায়, এই সব তথ্য ভুল ও বিভ্রান্তিকর

বর্তমানে চালু নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে একটি সিলিন্ডার বুক করার পর পরবর্তী বুকিংয়ের জন্য ২৫ দিন অপেক্ষা করতে হবে, আর গ্রামাঞ্চলে এই সময়সীমা ৪৫ দিন। এই নিয়ম সব ধরনের গ্রাহকের ক্ষেত্রেই প্রযোজ্য—উজ্জ্বলা বা অ-উজ্জ্বলা, এক বা দুই সিলিন্ডার ব্যবহারকারী—কোনও ভেদাভেদ নেই।

এদিকে, গ্যাস সিলিন্ডার সরবরাহকারীদের সংগঠনের দাবি, মঙ্গলবার তাঁদের কাছে হোয়াটসঅ্যাপ মারফত একটি নতুন নির্দেশ পৌঁছেছিল, যেখানে বুকিংয়ের ব্যবধান পরিবর্তনের কথা বলা হয়। কিন্তু পরদিন সেই বার্তা মুছে দেওয়া হয় বলে দাবি তাঁদের। ফলে বিভ্রান্তি আরও বাড়ে।

ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের মুখপাত্র বিজন বিশ্বাস বলেন, “সিস্টেমে যদি পরিবর্তন আনা হয়, আমরা সেই অনুযায়ী পরিষেবা দিই। কিন্তু হঠাৎ করে নির্দেশ বদলে গেলে সমস্যা তৈরি হয়।”

এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, দেশে পর্যাপ্ত এলপিজি মজুত রয়েছে এবং আতঙ্কিত হয়ে অতিরিক্ত বুকিং করার কোনও প্রয়োজন নেই।

উল্লেখ্য, আন্তর্জাতিক পরিস্থিতি এবং সরবরাহ সংক্রান্ত উদ্বেগের কারণে সম্প্রতি একাধিকবার বুকিংয়ের ব্যবধান সাময়িকভাবে সংশোধন করা হয়েছিল। তবে বর্তমানে যে নিয়ম চালু রয়েছে, সেটিতেই কোনও নতুন পরিবর্তন আনা হয়নি বলে স্পষ্ট জানিয়েছে মন্ত্রক।