৩১ লক্ষ ভোটার নাম ঝুলে! বাংলার SIR নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের

সোমবার রাতে প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় ২৯ লক্ষ নামের নিষ্পত্তি হলেও এখনও প্রায় ৩১ লক্ষ নাম যাচাই বাকি। নির্বাচন যত…

19

সোমবার রাতে প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় ২৯ লক্ষ নামের নিষ্পত্তি হলেও এখনও প্রায় ৩১ লক্ষ নাম যাচাই বাকি। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এই পরিস্থিতি জটিল হয়ে উঠছে। মঙ্গলবার এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বাংলার SIR (Special Intensive Revision) প্রক্রিয়াকে “ইউনিক সমস্যা” বলে মন্তব্য করে।

বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “বাংলার সমস্যা ইউনিক, অন্য রাজ্যের সমস্যাও আলাদা।” একই সঙ্গে তিনি স্বীকার করেন, মাত্র ৪৫ দিনের মধ্যে ৬০ লক্ষ নাম যাচাই করার চাপ জুডিশিয়াল অফিসারদের উপর “অমানবিক”।

আগামী ৬ এপ্রিল প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু এখনও ৬টি রাজনৈতিক দলের ১৪ জন প্রার্থীর নাম অ্যাজুডিকেশন তালিকায় রয়েছে। দ্রুত নিষ্পত্তি না হলে তাঁরা মনোনয়নই জমা দিতে পারবেন না—এমন আশঙ্কা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পাশাপাশি, প্রয়োজনে প্রতিদিন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আবেদনও জানানো হয়েছে।

বিচারপতি বাগচী আরও বলেন, যেসব কেন্দ্রে আগে ভোট, সেখানকার ভোটার তালিকা আগে যাচাই করা উচিত। অন্যদিকে আদালতে ইলেক্টোরাল রোল “ফ্রিজিং”-এর সময়সীমা বাড়ানোর আবেদনও উঠেছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন, বিষয়টি বিবেচনা করে দেখা হবে।

আদালতের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে, শুধু নাম বাদ নয়—অনেক ক্ষেত্রে ভোটার সংখ্যাও বেড়েছে। তবে এ ধরনের সাপ্লিমেন্টারি তালিকা সংক্রান্ত সমস্যা পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও দেখা যায়নি বলেও মন্তব্য করেছেন বিচারপতিরা।