ঈদুল ফিতরকে সামনে রেখে যমুনা সেতুতে যানবাহন পারাপারের চাপ বেড়েছে। গত ১৬ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৮ দিনে সেতু দিয়ে মোট ২ লাখ ৫৪ হাজার ১৭৫টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে প্রায় ১৭ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৮০০ টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও ঈদকে ঘিরে সেতুতে যান চলাচল বৃদ্ধি পেয়েছে এবং টোল আদায়ও বেড়েছে। ১৬ মার্চ একদিনেই ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়, যার বিপরীতে টোল আদায় হয় প্রায় ২ কোটি ৯৪ লাখ টাকা। পরবর্তী দিনগুলিতেও পারাপারের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।
১৮ মার্চ সর্বোচ্চ প্রায় ৫১ হাজার ৫৯২টি যানবাহন পারাপার হয় এবং ওই দিন টোল আদায় দাঁড়ায় প্রায় ৩ কোটি ৫১ লাখ টাকার বেশি। অন্যদিকে ২০ থেকে ২২ মার্চের মধ্যে যানবাহন পারাপার তুলনামূলক কম থাকলেও ঈদের আগে আবারও চাপ বাড়তে শুরু করে।
ঈদ উপলক্ষে সেতুতে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়। পাশাপাশি মোটরসাইকেলের জন্য দুই প্রান্তে আলাদা বুথের ব্যবস্থাও করা হয়েছিল।
যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, এবার ঘরমুখো যাত্রীরা তুলনামূলক স্বস্তিতেই যাতায়াত করতে পেরেছেন। ঈদের আগের দিন ছাড়া বড় ধরনের যানজট দেখা যায়নি বলেও তিনি উল্লেখ করেন।



