নারায়ণগড়ে চমক! সিপিএম নেতার পায়ে হাত দিয়ে আশীর্বাদ চাইলেন বিজেপি প্রার্থী

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে রবিবার রাজনৈতিক ময়দানে এক বিরল দৃশ্যের সাক্ষী থাকল সাধারণ মানুষ। সিপিএমের প্রাক্তন মন্ত্রী ও রাজ্য সম্পাদক সূর্যকান্ত…

10

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে রবিবার রাজনৈতিক ময়দানে এক বিরল দৃশ্যের সাক্ষী থাকল সাধারণ মানুষ। সিপিএমের প্রাক্তন মন্ত্রী ও রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র যখন দলীয় মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন, ঠিক সেই সময় আচমকাই মিছিলের সামনে হাজির হন বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি।

ঘটনাটি প্রথমে উপস্থিত কর্মী-সমর্থকদের কিছুটা অবাক করলেও, পরে পরিস্থিতি অন্য মোড় নেয়। সূর্যকান্ত মিশ্রের সঙ্গে করমর্দন করে তাঁর হাত নিজের মাথায় রেখে আশীর্বাদ চান বিজেপি প্রার্থী। প্রবীণ বাম নেতা মৃদু হাসিতে সেই সৌজন্য গ্রহণ করেন এবং মিছিল এগিয়ে নিয়ে যান।

এই ঘটনার পর এলাকায় চর্চা তুঙ্গে। কেউ এটিকে রাজনৈতিক সৌজন্যের উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ কটাক্ষ করে বলছেন ‘রাম-বাম’ সমীকরণের ইঙ্গিত। তবে বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি স্পষ্ট জানিয়েছেন, “উনি প্রবীণ নেতা, আমি অনেক ছোট। তাই স্বাভাবিক সৌজন্য হিসেবেই আশীর্বাদ চেয়েছি।”

অন্যদিকে সিপিএম প্রার্থী তাপস সিনহার দাবি, সাধারণ মানুষই তাঁদের মিছিলে আগ্রহ দেখাচ্ছেন এবং অনেকেই নেতাদের সঙ্গে হাত মেলাতে চান। সেই সময় বিজেপি প্রার্থীও সাধারণ মানুষের মতো এগিয়ে এসে সৌজন্য দেখিয়েছেন বলে তাঁর মন্তব্য।

তবে এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করতে ছাড়েননি তৃণমূল প্রার্থী প্রতিভারানি মাইতি। তাঁর কটাক্ষ, “ভোটের সময় এমন আশীর্বাদ নেওয়া অন্য ইঙ্গিত দিচ্ছে।”

উল্লেখ্য, নারায়ণগড় একসময় সূর্যকান্ত মিশ্রের শক্ত ঘাঁটি ছিল। সেখান থেকে টানা পাঁচবার জয়ী হয়ে তিনি বিধায়ক ও মন্ত্রী হয়েছেন। এদিন সিপিএমের মিছিল নারায়ণগড় হাটতলা থেকে রাইস মিল মাঠ পর্যন্ত যায়, পরে কর্মীসভা অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে দাবি, সভায় যথেষ্ট জনসমাগম হয়েছিল।

সব মিলিয়ে, নির্বাচনের আবহে এই ঘটনাকে ঘিরে জল্পনা আরও বাড়িয়েছে জেলার রাজনৈতিক উত্তাপ।