বি. নাথ : বীজপুর বিধানসভা কেন্দ্রের হালিশহর বলদেঘাটায় শিব মন্দিরে পুজো দিতে গিয়ে বাধার মুখে পড়লেন স্থানীয় বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। তিনি মন্দিরে পুজো দিতে এসে দেখেন তালা ঝুলছে। এমনকি শৌচালয়ে পর্যন্ত তালা মেরে দেওয়া হয়েছে। অভিযোগের তির শাসকদলের দিকেই। শেষমেশ গঙ্গার মাটি দিয়ে শিবলিঙ্গ বানিয়ে পুজো করলেন বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুদীপ্ত বলেন, সোমবার সকালে মন্দিরে পুজো দিতে এসে তিনি দেখেন তালা ঝুলছে। এমনকি শৌচালয়েও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ফলে এলাকার মানুষজন পুজো দিতে এসে হয়রানির শিকার হলেন। গত পাঁচ বছরে যদি কাঁচরাপাড়া কিংবা হালিশহরে এতই উন্নয়ন হয়, তাহলে তৃণমূলের এত ভয় কিসের, প্রশ্ন বীজপুরের তরুণ ব্রিগেডের তৃণমূল প্রার্থী সুদীপ্ত দাসের।



