চেন্নাই সুপার কিংসের জমকালো অনুষ্ঠান ‘Roar’26’ এ মেতে উঠল এমএ চিদাম্বরম স্টেডিয়াম। হলুদ জার্সিতে ভরা গ্যালারিতে হাজার হাজার সমর্থকের সামনে ২০১০ থেকে ২০২৩—এই সময়ের মধ্যে জেতা দলের সাতটি বড় শিরোপা প্রদর্শন করা হয়।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন তারকা সুরেশ রায়না, ডোয়েন ব্রাভো এবং মাইকেল হাসি। বর্তমান দলের ক্রিকেটারদের সঙ্গে তাঁদের নিয়ে একটি প্রদর্শনী ম্যাচও আয়োজন করা হয়। সেই ম্যাচে মহেন্দ্র সিং ধোনিকে উইকেটকিপিং করতে দেখা যায়, যা দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করে। পাশাপাশি, ছোট শিশুদের সঙ্গে ধোনির আবেগঘন মুহূর্তও নজর কেড়েছে।
অনুষ্ঠানের শেষ পর্বে এআর রহমানের সুরে জমে ওঠে গোটা স্টেডিয়াম। টি-২০ ক্রিকেটের নায়কদের সম্মান জানানো হয় এই মঞ্চে। একই সঙ্গে দলের নতুন সংযোজন ডিউয়াল্ড ব্রেভিসকেও স্বাগত জানানো হয়।
এদিকে, আইপিএল ২০২৬-এর আগে নতুন অধিনায়ক হিসেবে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে চেন্নাই সুপার কিংস। এই অনুষ্ঠান যেন সেই যাত্রারই এক জমকালো সূচনা।



