বাংলায় দু’দফায় ভোট, ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন — কড়া নিরাপত্তায় নির্বাচন

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় জোর দিচ্ছে নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বাংলায় মোট…

force (1).jpeg.jpg

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় জোর দিচ্ছে নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বাংলায় মোট ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

নির্বাচন সূচি অনুযায়ী, আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হবে। এই দুই দফাতেই যাতে কোনও ধরনের অশান্তি বা রক্তপাত না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পরেও রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। মূল লক্ষ্য, ভোট পরবর্তী হিংসা বা অশান্তি প্রতিরোধ করা।

ইতিমধ্যেই মার্চের শুরুতে ৪৮০ কোম্পানি বাহিনী বাংলায় মোতায়েন হয়েছে। বাকি বাহিনী নির্দিষ্ট সময়সূচি মেনে ধাপে ধাপে আসবে। ৩১ মার্চ থেকে শুরু করে ১৭ এপ্রিলের মধ্যে পর্যায়ক্রমে আরও বাহিনী রাজ্যে পৌঁছবে বলে জানা গিয়েছে।

নির্বাচন কমিশন এবার নিরাপত্তা ব্যবস্থায় কিছু নতুন কৌশলও গ্রহণ করেছে। কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব শুধুমাত্র ভোটকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে না। বুথের বাইরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে, সেখানেও সরাসরি হস্তক্ষেপ করতে পারবে বাহিনী।

এছাড়া ভোটারদের ভয় দেখানো, হুমকি দেওয়া বা ভোটে বাধা সৃষ্টি করার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে।

ছাপ্পা ভোট, বুথ দখল বা সংগঠিত হিংসার বিরুদ্ধে এবার কড়া অবস্থান নেওয়া হয়েছে। কমিশনের তরফে স্পষ্ট বার্তা—নির্বাচনী প্রক্রিয়ায় কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না।

এদিকে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে। সম্ভাব্য অশান্তি প্রবণ এলাকা চিহ্নিত করে সেই অনুযায়ী বাহিনী মোতায়েন করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘ট্রাবল মঙ্গার’দের নজরে রেখে বিশেষ রুট ম্যাপ তৈরি করা হয়েছে।

কলকাতায় ইতিমধ্যেই প্রায় ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে এবং শহরের বিভিন্ন অংশে নজরদারি জোরদার করা হয়েছে। একই কৌশল ধাপে ধাপে অন্যান্য জেলাতেও কার্যকর করা হবে।