গোষ্ঠীকোন্দলে জেরবার বালি বিজেপি, কৈলাসের হাত ধরে তৃণমূলে যোগ শতাধিক কর্মীর

সুমন আদক, হাওড়া : বালিতে বিজেপির শতাধিক বুথকর্মী কৈলাশের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন, দুস্কৃতিদের সঙ্গে নিয়ে এলাকায় ঘুরে বিজেপি…

সুমন আদক, হাওড়া : বালিতে বিজেপির শতাধিক বুথকর্মী কৈলাশের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন, দুস্কৃতিদের সঙ্গে নিয়ে এলাকায় ঘুরে বিজেপি প্রার্থী আতঙ্ক ছড়াতে চাইছেন বলে ছবি দেখিয়ে অভিযোগ যুবনেতা কৈলাসের। বালিতে বিজেপির কোন্দল তুঙ্গে। বহিরাগতকে প্রার্থী করায় বালির বিভিন্ন বুথ থেকে প্রায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাঁদের মধ্যে অনেকে বিজেপির বুথ এবং মন্ডল সভাপতিও রয়েছেন। শনিবার তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি ও বালির তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র। তাঁদের প্রত্যেককে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানালেন বালি কেন্দ্র তৃণমূলের সভাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও যুব সভাপতি সুরজিৎ চক্রবর্তী। এদিন বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান করিয়ে যুবনেতা কৈলাশ বললেন, ‘বিজেপির আরও অনেকে তৃণমূলে যোগ দিতে চেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তাঁদের ধাপে ধাপে যোগদান করাব।’ উল্লেখ্য, বহিরাগতকে বিজেপি বালিতে প্রার্থী করায় দলের নিচুতলার কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। শুক্রবার রাতে বালির ৭০ জন বিজেপির বুথ ও মন্ডল সভাপতি একযোগে পদত্যাগ করেন। তাঁদের অভিযোগ, ‘বহিরাগতকে প্রার্থী করায় বিজেপি এখান থেকে ৪০ হাজার ভোটে হারবে।’ এই প্রসঙ্গে কৈলাশ বলেন, ‘বিজেপি কাকে প্রার্থী করবে সেটা ওদের দলের বিষয়। তবে যাকে ওঁরা প্রার্থী করেছেন তিনি সাট্টা ও ক্রিকেট জুয়ায় জড়িত থাকার অভিযোগে লালবাজারের হাতে গ্রেফতার হওয়া দুই দুস্কৃতিকে সঙ্গে নিয়ে বালিতে ঘুরে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন।’ এদিন পুলিশের হাতে গ্রেফতার হওয়া ওই দুস্কৃতিদের সঙ্গে নিয়ে বালিতে বিজেপি প্রার্থীর ঘুরেঘুরে প্রচার চালানোর ছবিও সাংবাদিকদের সামনে তুলে ধরেন কৈলাশ। তিনি বলেন, ‘এতেই বোঝা যাচ্ছে বহিরাগত দুস্কৃতিদের নিয়ে এসে এলাকা সন্ত্রস্ত করার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। ভোটে বালির মানুষ ওনাকে যোগ্য জবাব দিয়ে দেবেন।’ হাওড়া সদরের ৮টি কেন্দ্রেই তৃণমূল জয়ী হবে জানিয়ে কৈলাশ বলেন, ‘বালির পাশাপাশি সদরের সবকটি বিধানসভাতেই দলের হয়ে প্রচার করব।’ বালির বিদায়ী কাউন্সিলর ডাঃ রানা চট্টোপাধ্যায়কে দল এবার শিবপুরে প্রার্থী করেছে। সেখানেও শীঘ্রই ডাঃ রানা চট্টোপাধ্যায়ের হয়ে প্রচারে যাবেন বলে কৈলাশ এদিন জানান।