নয়াদিল্লি, নিজস্ব সংবাদদাতা:
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর বিরুদ্ধে গুরুতর বর্ণবিদ্বেষের অভিযোগ তুললেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। দীর্ঘ ২৩ বছরের ধারাভাষ্য জীবনের ইতি টেনে শুক্রবার তিনি সমাজমাধ্যমে নিজের অবসরের কথা ঘোষণা করেন।
প্রথমে অবসরের কারণ স্পষ্ট না করলেও পরে একাধিক মন্তব্যে নিজের ক্ষোভ উগরে দেন শিবরামকৃষ্ণন। তিনি জানান, এত বছর ধারাভাষ্য দেওয়ার পরেও তাঁকে কখনও টস বা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি।
নিজের পোস্টে তিনি লেখেন, “২৩ বছর ধরে ধারাভাষ্য দেওয়ার পরেও টস বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পাইনি। রবি শাস্ত্রী কোচ হওয়ার সময় থেকেই নতুনরা এসে পিচ রিপোর্ট, টস, পুরস্কার বিতরণী—সব কিছুই করছে। তা হলে কারণ কী হতে পারে?”
এরপর এক ব্যবহারকারী সরাসরি প্রশ্ন করেন, তাঁর সঙ্গে গায়ের রঙের কারণে বৈষম্য করা হয়েছে কি না। উত্তরে শিবরামকৃষ্ণন স্পষ্টই বলেন, “আপনি একদমই ঠিক। রঙের কারণে বৈষম্য।”
তিনি আরও ইঙ্গিত দেন যে, এই অবসরের পিছনে আরও বড় গল্প লুকিয়ে রয়েছে। তাঁর কথায়, “এই অবসর একটা গল্পের শুরু, যা সামনে এলে সাধারণ মানুষ থেকে ক্রিকেট সমর্থক—সকলেই চমকে যাবেন।” পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন, “যাঁরা আমাকে ঘৃণা করতেন তাঁরা শান্তি পেয়েছেন দেখে ভাল লাগছে।”
এই অভিযোগের প্রেক্ষিতে বিসিসিআই-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১৯৮৩ সালে মাত্র ১৭ বছর ১১৮ দিন বয়সে টেস্ট অভিষেক করে নজির গড়েছিলেন শিবরামকৃষ্ণন। দেশের হয়ে তিনি ৯টি টেস্ট ও ১৬টি একদিনের ম্যাচ খেলেছেন। টেস্ট ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ২৬টি উইকেট। ১৯৮৫ সালের বেনসন অ্যান্ড হেজেস কাপে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি, যেখানে পাঁচ ম্যাচে ১০টি উইকেট নিয়েছিলেন।