অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া : সার সার বালি বোঝাই ড্যাম্পার মুম্বাই রোড ধরে যাচ্ছে। আর সেই ড্যাম্পার থেকে রাশি রাশি বালি উড়ছে। সেই বালি উড়ে রাস্তায় পড়ছে। প্রতিদিন এই চিত্র ফুটে উঠে হাওড়ার মুম্বই জাতীয় সড়কে। সমস্যায় পড়ছেন মোটর আরহী, স্কুটার আরোহীরা। অভিযোগ উঠেছে এই অবস্থায় ছোট – বড় দুর্ঘটনা ও ঘটছে। ওই সড়কের পাশে থাকা বাড়ি, দোকানে বালি উড়ে ঢুকে যাচ্ছে। তবুও পরিবহন দফতর ও পুলিশ প্রশাসন চোখে ঠুলি বেঁধে বসে আছেন। তারা এই সমস্যার কথা জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না।
হাওড়া গ্রামীণ পুলিশের ট্রাফিক বিভাগের এক আধিকারিক দাবি করে বলেন, ঢাকা না দেওয়া বালি বোঝাই ড্যাম্পার দেখলেই চালকদের সতর্ক করা থেকে জরিমানা ও করা হচ্ছে। তাঁর আশ্বাস নজরদারি আরো বাড়ানো হবে। খুব শীঘ্রই ডাম্পার চালক ও মালিকদের নিয়ে সচেতনতা শিবির করে তাদের সতর্ক করা হবে। বাগনানের এক বাসিন্দা শেখ আনোয়ার বলেন, বাইক এবং স্কুটার নিয়ে মুম্বাই রোডে যাতায়াত করাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ডাম্পার থেকে বালি উড়তে থাকে। বাইক এবং স্কুটার আরোহীদের চোখে বালি ঢুকলে চোখ জ্বালা করতে থাকে। চোখে দেখতে অসুবিধা হয়। ফলে প্রায়শই ছোট – বড় দূর্ঘটনা ঘটছে। উলুবেড়িয়ার সহকারী আঞ্চলিক পরিবহন দফতরের এক আধিকারিক রবীন্দ্রনাথ বিশ্বাস এই প্রসঙ্গে বলেন, বালি উড়ে রাস্তায় পড়লে তা খুবিই বিপজ্জনক।পরিবহন দফতরের পক্ষ থেকে মাঝে মধ্যেই নজরদারি চালানো হয়। আরও বেশি বেশি করে নজরদারি চালানো হবে। ঢাকা না দিয়ে কোনও ডাম্পার যদি বালি নিয়ে যায় তাহলে ডাম্পারের চালক ও মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ সমস্ত বিষয়টি পুলিশ প্রশাসন ও পরিবহন দফতরকে বারংবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয় না।
মুম্বই রোড দূর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে
