বারুইপুরে নাকা চেকিংয়ে উদ্ধার ৯ লক্ষ টাকা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কড়া নজরদারির মধ্যেই বড় সাফল্য পেল এবার পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের জয়াতলা এলাকা থেকে নাকা চেকিং চলাকালীন এক বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার হল প্রায় ৯ লক্ষ টাকা।আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ভোটের আবহে বেআইনি নগদ লেনদেন রুখতে বারুইপুর থানার পক্ষ থেকে জয়াতলা এলাকায় বিশেষ নাকা চেকিং চালানো হচ্ছিল। সেই সময় একটি বাইককে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে পুলিশ সেটিকে থামায়। এরপর বাইক আরোহীকে তল্লাশি চালানো হলে একটি ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ, প্রায় ৯ লক্ষ টাকা।ধৃত ব্যক্তির নাম সামাদ আলী সরদার।বাড়ি জয়নগর থানার তিলপি এলাকায়।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি তিলপি থেকে কুড়ালির দিকে যাচ্ছিলেন। তবে এত বড় অঙ্কের টাকা তিনি কেন বহন করছিলেন,তার কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। পুলিশের দাবি, নগদ টাকার বৈধ কোনও নথি তিনি দেখাতে না পারায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। নির্বাচনের সময় এই ধরনের বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় বেআইনি লেনদেন, ভোট প্রভাবিত করার চেষ্টা কিংবা অন্য কোনও অসাধু উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয়দের একাংশের মতে, নির্বাচন ঘিরে এ ধরনের ঘটনা নতুন নয়, তবে পুলিশের সক্রিয়তায় অনেক ক্ষেত্রেই বড় চক্র ফাঁস হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটকে অবাধ ও সুষ্ঠু করতে এই ধরনের নাকা চেকিং আরও জোরদার করা হবে। পুলিশ ইতিমধ্যেই ধৃত ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। টাকার প্রকৃত উৎস, এর গন্তব্য এবং এর সঙ্গে কোনও রাজনৈতিক বা অপরাধমূলক যোগ রয়েছে কি না, তা জানতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *