উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই একাধিক কেন্দ্রে কর্মীদের অসন্তোষ। মঙ্গলবার সন্ধেয় ক্যানিং পূর্ব কেন্দ্রের বিদায়ী বিধায়ক শওকত মোল্লাকে চেয়ে জীবনতলায় বিক্ষোভ তৃণমূল কর্মীদের। রাতভর রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। ২০২৬-এর নির্বাচনে ক্যানিং পূর্বে বাহারুল ইসলামকে প্রার্থী করেছে তৃণমূল হাইকমান্ড। অন্যদিকে, ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লাকে পাঠানো হয়েছে ভাঙড় কেন্দ্রে।মঙ্গলবার ২৯১ আসনে প্রার্থী ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হতেই বিদায়ী বিধায়ককেই ফের ক্যানিং পূর্বের প্রার্থী করার দাবিতে সরব হন দলীয় কর্মীদের একাংশ। বাহারুলকে প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়েন এলাকার তৃণমূল কর্মী-সমর্থকেরা।প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের প্রতীকে ক্যানিং পূর্ব থেকে লড়বেন মহম্মদ বাহারুল ইসলাম। তিনি শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাঁর বাড়ি ভাঙড় বিধানসভা কেন্দ্র এলাকায়। কিন্তু তাঁর বদলে ওই কেন্দ্রে জোড়াফুল শিবির বাজি রেখেছে শওকত মোল্লার উপরেই। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির পালের হাওয়া কাড়তেই ঘুঁটি বদল জোড়াফুলের বলে দাবি রাজনৈতিক মহলে।এদিকে শওকতের বদলে ক্যানিং পূর্বে মহম্মদ বাহারুল ইসলামকে প্রার্থী করার সিদ্ধান্ত পছন্দ হয়নি দলীয় কর্মীদের একাংশের। বিক্ষোভকারী কর্মীদের বক্তব্য, দীর্ঘদিনের স্থানীয় নেতৃত্বকে সরিয়ে বাইরের প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে, যা তাঁরা মেনে নিতে পারছে না।
সওকাত মোল্লাকে পুরোনো কেন্দ্রে চেয়ে বিক্ষোভ সওকাত অনুগামীদের
