প্রার্থী ঘোষণা হতেই উত্তপ্ত গোসাবা, তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে আক্রান্ত উপপ্রধান ও অনুগামীরা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, গোসাবা: তৃনমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই অশান্তি গোসাবায়। মঙ্গলবার বিকেলে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। আর প্রার্থীর নাম ঘোষণা হতে না হতেই গোসাবায় সামনে চলে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। বিপ্রদাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা।আর এই ঘটনায় আক্রান্ত হয়েছেন বিপ্রদাসপুর পঞ্চায়েতের উপপ্রধান এবং তাঁর অনুগামীরাই।অভিযোগ, মঙ্গলবার ইফতার সেরে বেরোনোর সময় উপপ্রধানের অনুগামীদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। অনুগামীদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হন উপ প্রধান আজমিরা মিদ্যা নিজে ও। উপপ্রধানের অভিযোগ, বিপ্রদাসপুর পঞ্চায়েত প্রধানের স্বামী অমরেশ মণ্ডলের নেতৃত্বে এই হামলা হয়েছে।বিদায়ী বিধায়ক তথা প্রার্থী সুব্রত মণ্ডলের অনুগামীরা এই হামলা চালিয়েছেন।উপপ্রধানের অভিযোগ, সুব্রত মণ্ডলের অনুগামী শফিকুল গাজী, রফিকুল গাজী, সেলিম মোল্লা, মধুসূদন বর্মণ, প্রদীপ হালদার, শফিক মিদ্যা, আজিজুল সর্দার, ইয়াকুব পিয়াদা এবং সাধন সর্দাররা দলবল নিয়ে এসে তাঁদের ওপর চড়াও হন এবং বেধড়ক মারধর করেন। এই সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন সাকিব মোল্লা, আলাউদ্দিন মোল্লা এবং সাজান পিয়াদা। তাঁদের দ্রুত উদ্ধার করে গোসাবা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বুধবার ও তাঁরা চিকিৎসাধীন।ভোটের মুখে শাসকদলের এই প্রকাশ্য কোন্দল ও রক্তক্ষয়ী সংঘর্ষে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তবে এই ঘটনার পর বেশ কিছুটা সময় অতিবাহিত হলেও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকা থমথমে রয়েছে। এই ঘটনা নিয়ে বিদয়ী বিধায়কের কোনও বক্তব্য পাওয়া যায়নি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা মুখ খুলছেন না।আর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *