নেপালের দুর্গম পাহাড়ি অঞ্চলে ফের এক হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা সামনে এল। বুধবার বেলা প্রায় ১১:৫৫ মিনিট নাগাদ এয়ার ডাইনাস্টি হেলি সার্ভিসেসের একটি Airbus AS350 হেলিকপ্টার খোটাং জেলার বালাবেসি এলাকায় অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে, হেলিকপ্টারটি একটি মৃতদেহ ঐতিহ্যবাহী অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে যাচ্ছিল।
হেলিকপ্টারের পাইলট সাবিন থাপা সহ মোট ছয়জন আরোহী ছিলেন। যাত্রীদের মধ্যে ছিলেন ৫০ বছর বয়সী কাজি বাহাদুর রাই। দুর্ঘটনার পর সকলেই সামান্য আঘাত পান, তবে বড় ধরনের কোনও ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে সংস্থা। দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে প্রবল হাওয়া বা ধুলোর কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার বিষয়টি উঠে আসছে।
A helicopter 🚁 crash in Nepal’s Khotang district has shocked many — especially given the emotional circumstances of those onboard.
— Dharm (@dhram00) March 18, 2026
An Air Dynasty helicopter, flying from Kathmandu with five passengers from the same family, crashed during landing in Kepilasgadhi rural… pic.twitter.com/ZOB53AHc33
দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে আহতদের এয়ারলিফট করে কাঠমাণ্ডুতে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সকল যাত্রীই নিরাপদে আছেন এবং হেলিকপ্টারে থাকা কার্গোও অক্ষত রয়েছে।
নেপালের পাহাড়ি এলাকায় হেলিকপ্টার পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক দুর্গম অঞ্চলে সড়ক যোগাযোগ সীমিত। তবে এই ধরনের দুর্ঘটনা আবারও প্রমাণ করে যে, প্রতিকূল আবহাওয়া এবং কঠিন ভৌগোলিক পরিস্থিতিতে বিমান চলাচল কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে।
এই ঘটনায় বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসন ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কাজ শুরু করেছে।
