আবার রোম্যান্সে ফিরছেন শাহরুখ! অ্যাকশন ছেড়ে নতুন চমক ‘কিং’ খানের

ষাটের কোঠা পেরিয়েও বলিউডে তিনি আজও ‘কিং অফ রোম্যান্স’। দু’হাত প্রসারিত করে তাঁর সেই চেনা ভঙ্গি আজও লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে ঝড় তোলে। কিন্তু গত এক দশকে বড়পর্দায় শাহরুখ খানকে রোম্যান্টিক চরিত্রে খুব একটা দেখা যায়নি।

২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মাধ্যমে অ্যাকশন ঘরানায় জোরালো প্রত্যাবর্তন করে বক্স অফিসে নতুন ট্রেন্ড তৈরি করেছিলেন তিনি। বর্তমানে ‘কিং’ ছবিতেও তাঁকে অ্যাকশন অবতারে দেখা যাবে। তবে এবার শোনা যাচ্ছে, সেই ধারার বাইরে গিয়ে আবার পুরনো রোম্যান্টিক মেজাজে ফিরতে চলেছেন বলিউডের বাদশা।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘কিং’ ছবির কাজ প্রায় শেষের দিকে। এরপর কিছুদিন বিরতি নিয়ে নতুন প্রজেক্টে হাত দিতে পারেন শাহরুখ। ইতিমধ্যেই একাধিক পরিচালক ও লেখকের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। একটি রোম্যান্টিক গল্প নাকি বিশেষভাবে পছন্দ হয়েছে তাঁর।

শোনা যাচ্ছে, নতুন এই ছবিটি ‘ম্যায় হুঁ না’-র ধাঁচে তৈরি হতে পারে, এমনকি সিক্যুয়েলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিচালকের আসনে থাকতে পারেন ফারহা খান— এমন জল্পনাও শোনা যাচ্ছে বলিউড মহলে।

এই ছবির অন্যতম বড় চমক হতে পারে শাহরুখ খানের দ্বৈত চরিত্রে অভিনয়। পাশাপাশি, গল্পটি হবে পরিণত প্রেমের প্রেক্ষাপটে, যা তাঁর বর্তমান বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হচ্ছে।

কেন হঠাৎ এই ঘরানা বদল? জানা যাচ্ছে, গত কয়েক বছরে পরপর অ্যাকশন ছবিতে অভিনয় করতে গিয়ে একাধিকবার চোট পেয়েছেন অভিনেতা। চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত কিছুটা হালকা ও আবেগঘন চরিত্রে কাজ করতে চাইছেন তিনি।

সব ঠিক থাকলে আগামী ২০২৭ সালের শুরুতেই এই মেগাবাজেট রোম্যান্টিক ড্রামার শুটিং শুরু হতে পারে। ফলে, দীর্ঘ অপেক্ষার পর আবার বড়পর্দায় ‘রোম্যান্স কিং’ শাহরুখকে দেখার আশায় দিন গুনছেন অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *