উত্তরপ্রদেশের মির্জাপুরে এক অদ্ভুত ঘটনার জেরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, কান্তিত ইনারা এলাকায় রাস্তা নির্মাণের সময় একটি সচল হ্যান্ডপাম্পের উপরেই পিচ ঢেলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সম্ভাব্য সফর এবং ১৯ এপ্রিল থেকে শুরু হতে চলা নবরাত্রি মেলার আগে এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, হ্যান্ডপাম্পটি সম্পূর্ণরূপে ব্যবহারযোগ্য ছিল। তার উপরেই রাস্তা তৈরি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে রাতে চলাচলের ক্ষেত্রে ঝুঁকি বাড়তে পারে। আশিষ কুমার যাদব নামে এক বাসিন্দা এই বিষয়ে সরব হন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই কটাক্ষ করে একে ‘ড্রাইভ-থ্রু জল সরবরাহ ব্যবস্থা’ বলেও মন্তব্য করেছেন।
এদিকে, জনপথ (PWD) দফতরের আধিকারিক বি.কে. পাণ্ডে এই ঘটনায় সমন্বয়ের অভাবকেই দায়ী করেছেন। তাঁর দাবি, এই বিষয়টি মূলত পৌরসভার সঙ্গে সমন্বয়ের ঘাটতির ফল। তবে ভিডিও ভাইরাল হওয়ার পরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং বুধবার সকাল থেকেই হ্যান্ডপাম্পটি সরানোর কাজ শুরু হয়েছে।
প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ভুল যাতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
