মঞ্জুদির আশীর্বাদ নিয়েই নোয়াপাড়ার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে : তৃণাঙ্কুর

বি. নাথ : তৃণমূলের প্রার্থী তালিকায় এবারে অনেক নতুন মুখ উঠে এসেছে। নোয়াপাড়ার কেন্দ্রের বর্ষীয়ান বিধায়িকা মঞ্জু বসুকে দল এবারে টিকিট দেয়নি। ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। মঙ্গলবার নাম ঘোষণার নৈহাটির বড়মার কাছে পুজো দিয়ে তিনি আশীর্বাদ নিলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, প্রাক্তন বিধায়িকা মঞ্জুদির আশীর্বাদ নিয়েই নোয়াপাড়ার উন্নয়নকে তিনি ত্বরান্বিত করতে চান। তিনি রেকর্ড মার্জিনে জয়ের ব্যাপারে আশাবাদী। অপরদিকে নৈহাটির বিধানসভা কেন্দ্রে তৃণমূল আস্থা রাখল সনৎ দে-র। নৈহাটির উপ-নির্বাচনে তিনি জিতেছিলেন। তৃণমূল ফের তাঁকে নৈহাটির প্রার্থী করেছে। বড়মার পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সনৎ দে বলেন, বিজেপি প্রার্থী বহিরাগত। তিনি হাওড়ার বাসিন্দা। তাঁর অভিযোগ, যিনি নিজেকে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর দাবি করছেন। তিনি বঙ্কিম চন্দ্রের বংশধর নন। বংশধর হিসেবে দাবি করায় বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করা হচ্ছে। সনৎ দে-র দাবি, ৫০ হাজারের বেশি ব্যবধানে তিনি জয়লাভ করবেন। এদিন বড়মার মন্দিরে হাজির ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জী, নৈহাটির আইএনটিটিইউসি সভাপতি বিষ্ণু অধিকারী-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *