আচমকা ঝড়ে উড়ল ঘরের চাল, উপড়ে গেল গাছ

দেবাশিস পাল, মালদা : রবিবার রাতে আচমকাই ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল পুরাতন মালদার একাধিক এলাকায়। বিশেষ করে পুরাতন মালদা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে ঝড়ের প্রভাব ছিল সবচেয়ে বেশি।
জানা যায়, ঝড়ের দাপটে স্থানীয় বাসিন্দা রঞ্জন দাসের একটি ফার্নিচারের গোডাউন প্রায় লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ে উড়ে যায় গোডাউনের টিনের চালা। ক্ষতিগ্রস্ত হয় একাধিক আসবাবপত্র। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার বেশি বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে, সংশ্লিষ্ট ওয়ার্ডের কালাচাঁদ স্কুল মাঠ প্রাঙ্গণে ঝড়ের জেরে বিশাল আকারের তিনটি গাছ ভেঙে পড়ে। এর ফলে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য চলাচলেও ব্যাঘাত ঘটে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ও মালদা থানার পুলিশ। পাশাপাশি স্থানীয় কাউন্সিলর নির্মল অধিকারীও ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করেন। প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের তৎপরতায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *