তেলঙ্গানার মাঞ্চেরিয়াল জেলায় পথকুকুর হত্যার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, জেলার কিষ্টপুর গ্রামে প্রায় ১০০টি পথকুকুরকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সচিবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি উঠেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৭ থেকে ১০ মার্চের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। অভিযোগ, কুকুরগুলিকে হত্যার জন্য বাইরে থেকে দু’জন ব্যক্তিকে ভাড়া করে আনা হয়। পরে তাদের মাধ্যমে কুকুরগুলিকে বিষাক্ত ইনজেকশন দেওয়া হয়। মৃত্যুর পর কুকুরগুলির দেহ গ্রামের কাছের একটি নদীর ধারে পুঁতে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, গত কয়েক দিন ধরে এলাকার কুকুরগুলো একে একে উধাও হয়ে যাচ্ছিল। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় কয়েকজন গ্রামবাসী পুলিশে খবর দেন এবং পশুপ্রেমী সংগঠনের সঙ্গেও যোগাযোগ করেন। এরপরই পুরো ঘটনা সামনে আসে।
এই ঘটনায় আদুলাপুরম গৌতম নামে এক ব্যক্তি পঞ্চায়েত প্রধান ও সচিবের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। অভিযোগ, গ্রামে কুকুরের উপদ্রব কমানোর অজুহাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
পশুপ্রেমী সংগঠনগুলির দাবি, এভাবে নির্বিচারে প্রাণী হত্যা সম্পূর্ণ বেআইনি এবং নৃশংস। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি তুলেছে তারা।
উল্লেখ্য, তেলঙ্গানায় এটি প্রথম ঘটনা নয়। এর আগেও রাজ্যের বিভিন্ন জেলায় একই ধরনের অভিযোগ উঠেছে।
- গত জানুয়ারিতে জাগতিয়াল জেলার পেগাদাপল্লি গ্রামে ৩০০-র বেশি পথকুকুর হত্যা করার অভিযোগ ওঠে।
- এরপর হানামকোন্ডা জেলায় প্রায় ২০০ কুকুরকে একইভাবে হত্যা করা হয় বলে অভিযোগ।
মাত্র ৫৭ দিনের মধ্যে প্রায় ১১০০টি পথকুকুর হত্যার অভিযোগ ওঠায় ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রাজ্যজুড়ে বিতর্ক শুরু হয়েছে। নতুন করে মাঞ্চেরিয়ালের এই ঘটনা সামনে আসায় আবারও ক্ষোভে ফুঁসছে পশুপ্রেমী সংগঠনগুলি।
