কাশ্মীরের শ্রীনগরের ঐতিহ্যবাহী বাদামওয়ারি (Badamwari) উদ্যানে শুরু হল ‘আলমন্ড ব্লসম ফেস্টিভ্যাল’। এই উৎসবের উদ্বোধন করে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা পর্যটকদের কাশ্মীর ভ্রমণের আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বাদামওয়ারি উদ্যানকে সুন্দরভাবে সাজানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন। তাঁর আশা, দেশ-বিদেশের বহু মানুষ এখানে এসে বাদাম ফুলের সৌন্দর্য উপভোগ করবেন।
ওমর আবদুল্লা জানান, কাশ্মীরে এখন গ্রীষ্মকালীন পর্যটন মরসুমের অপেক্ষা চলছে। আলমন্ড ব্লসম ফেস্টিভ্যাল সেই মরসুমের সূচনাকেই আরও প্রাণবন্ত করে তোলে।
তিনি আরও বলেন, আগামী দু’দিনের মধ্যেই শ্রীনগরের বিখ্যাত টিউলিপ গার্ডেন-এরও উদ্বোধন করা হবে। টিউলিপ গার্ডেন খুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কাশ্মীরে আনুষ্ঠানিক ভাবে গ্রীষ্মের পর্যটন মরসুম শুরু হবে।
মুখ্যমন্ত্রীর আশা, চলতি বছরে বিপুল সংখ্যক পর্যটক কাশ্মীরে আসবেন এবং উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন।
