সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এক গ্রাহক দাবি করেছেন, অনলাইনে অর্ডার করা বিরিয়ানির প্যাকেটে তিনি সন্দেহজনক মাংসের টুকরো পেয়েছেন, যা দেখতে নাকি কুকুরের পা-এর মতো। ঘটনাটি নিয়ে নেটদুনিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ওই গ্রাহক একটি ২৮ সেকেন্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, তিনি বিরিয়ানির প্যাকেট খুলে ভাতের মধ্যে থাকা একটি মাংসের টুকরোর দিকে ক্যামেরা জুম করে দেখাচ্ছেন। তাঁর দাবি, ওই টুকরোর আকার দেখে মনে হয়েছে সেটি মুরগি বা খাসির মাংস নয়, বরং কুকুরের পা-এর মতো দেখতে।
ভিডিও পোস্ট করার সময় তিনি অনলাইন ফুড ডেলিভারি সংস্থা Zomato-কে ট্যাগ করে ঘটনার ব্যাখ্যা চেয়েছেন। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে সংস্থার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ঘটনায় আতঙ্ক প্রকাশ করেছেন। কেউ কেউ লিখেছেন, এই ঘটনার পর তারা অনেকদিন বিরিয়ানি খাবেন না। আবার অনেকে মজা করে ‘কুত্তা বিরিয়ানি’ বলেও মন্তব্য করেছেন।
অন্যদিকে কিছু নেটিজেন প্রশ্ন তুলেছেন, যদি খাবারে এমন কিছু থাকে তবে গ্রাহক কেন অর্ধেক খাওয়ার পর বিষয়টি লক্ষ্য করলেন। ফলে বিষয়টি নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।
এখনও পর্যন্ত এই অভিযোগের সত্যতা যাচাই করা হয়নি। সংশ্লিষ্ট রেস্তোরাঁ বা কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনও বক্তব্য সামনে আসেনি। তবে ঘটনাটি সামনে আসার পর অনেকেই অনলাইন খাবার সরবরাহে খাদ্য নিরাপত্তা নিয়ে কড়া নজরদারির দাবি জানিয়েছেন।
