পশ্চিম বর্ধমানের আসানসোলে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক গাড়িচালক। একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। আহত চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গান্ধী মোড়ের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রচণ্ড গতিতে একটি চারচাকা গাড়ি মুচিপাড়ার দিক থেকে আসানসোলের দিকে আসছিল। সেই সময় ডিভিসি মোড়ের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় চালকের মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী লালটু ধিবন জানান, “ভয়াবহ দুর্ঘটনা ছিল। একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মেরেছিল গাড়িটি। পরে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
এখনও পর্যন্ত আহত চালকের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
