রাজ্যের ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের দাবিকে স্বীকৃতি দিয়ে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। টুইটারে এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। তিনি জানান, আনুষ্ঠানিকভাবে গঠিত ও বিজ্ঞাপিত হয়েছে West Bengal Traders’ Welfare Board (WBTWB)।
মুখ্যমন্ত্রী তাঁর টুইট বার্তায় বলেন, ২০২৫ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত State Traders’ Convention এবং Business & Industry Conclave-এ ব্যবসায়ী সমাজের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করতেই এই বোর্ড গঠন করা হয়েছে। এই উদ্যোগকে তিনি ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ব্যবসায়ী সমাজকে আন্তরিক অভিনন্দনও জানান তিনি।
মুখ্যমন্ত্রী আরও জানান, নতুন এই বোর্ড ব্যবসায়ী সম্প্রদায় এবং রাজ্য সরকারের মধ্যে নিয়মিত সংলাপ ও সমন্বয়ের একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। রাজ্যের প্রতিটি জেলা থেকে প্রতিনিধিত্ব থাকবে, যাতে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও উদ্বেগ দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া যায়।
এছাড়াও তিনি জানান, বোর্ডের চেয়ারপার্সন হিসেবে থাকবেন Confederation of West Bengal Traders Association (CWBTA)-এর সভাপতি। এটি রাজ্যের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হওয়ায় ব্যবসায়ী সমাজের সরাসরি প্রতিনিধিত্ব নিশ্চিত হবে বলেই মনে করা হচ্ছে।
টুইটে মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গের অর্থনীতির মেরুদণ্ড। তাঁদের পাশে দাঁড়িয়ে এবং একসঙ্গে কাজ করেই রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলার লক্ষ্যে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
রাজনৈতিক ও ব্যবসায়ী মহলের মতে, এই বোর্ড গঠনের ফলে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং সরকার-ব্যবসায়ী সমন্বয় আরও সুদৃঢ় হবে।
