গ্যাস সিলিন্ডার সঙ্কটে নৈহাটির বড়মা কালী মন্দিরে অন্নভোগ বন্ধের সিদ্ধান্ত

এলপিজি গ্যাস সিলিন্ডারের সঙ্কটের প্রভাব এবার পড়ল নৈহাটির বিখ্যাত বড়মা কালী মন্দিরে। আগামী সোমবার থেকে ভক্তদের জন্য অন্নভোগ বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। পর্যাপ্ত রান্নার গ্যাস না পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

সাধারণত প্রতি সপ্তাহে সোমবার, বুধবার ও শুক্রবার মন্দির প্রাঙ্গণে প্রায় ৭০০ জন ভক্তকে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এছাড়াও শনি ও মঙ্গলবার প্রায় ৩০০০ ভক্তের মধ্যে নিখরচায় ভোগ বিতরণ করা হয়। এত বড় আয়োজনের জন্য প্রচুর রান্নার গ্যাস প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে প্রয়োজনীয় গ্যাস সিলিন্ডার না পাওয়ায় ভোগ রান্না করা কঠিন হয়ে পড়েছে। ফলে আপাতত অন্নভোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্দিরে এই পরিষেবা বন্ধ হওয়ার খবরে ভক্তদের একাংশের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অনেকেই নিয়মিত এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতেন।

তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিস্থিতি স্থায়ী নয়। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই আবার আগের মতো ভক্তদের জন্য অন্নভোগের ব্যবস্থা করা হবে। বর্তমানে গ্যাস সিলিন্ডার জোগাড় করতেই মন্দির কমিটিকে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হচ্ছে।

উল্লেখ্য, নৈহাটির বড়মা কালী মন্দির প্রায় ১০০ বছরের প্রাচীন। নৈহাটি-সহ রাজ্যের বিভিন্ন জেলার মানুষের ভক্তি ও আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে এই মন্দির। দীপান্বিতা অমাবস্যায় নৈহাটির অরবিন্দ রোডে বিশাল প্রতিমার পুজো হয়। সারা বছর অরবিন্দ রোডে অবস্থিত মন্দিরে কষ্টিপাথরের মূর্তিতে পুজো করা হয়। প্রতিদিনই হাজার হাজার ভক্ত মায়ের দর্শনে এখানে ভিড় করেন।

এখন কবে থেকে আবার বড়মার মন্দিরে অন্নভোগ শুরু হবে, সেই দিকেই তাকিয়ে রয়েছেন ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *